বিশেষ প্রাতবেদক: শেখ হাসিনার সরকারের পতনের কয়েক দিন পরেই বন্দি করা হয় আওয়ামী লীগের প্রবীণ নেতাকে। শনিবার জেলবন্দি অবস্থাতেই মৃত্যু হয় আওয়ামী লীগ সরকারের প্রাক্তন মন্ত্রীর। শেখ হাসিনার সরকারের প্রাক্তন মন্ত্রীর মৃত্যু হল কারাগারে। ২০২৪ সালের আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার হন সে দেশের প্রাক্তন মন্ত্রী রমেশচন্দ্র সেন। শনিবার সকালে জেলবন্দি অবস্থায় মৃত্যু হয় ৮৬ বছর বয়সি নেতার।
রমেশ ২০০৯-২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পানিসম্পদ মন্ত্রী ছিলেন। পরবর্তী সময়ে ২০১৪, ১০১৮ এবং ২০২৪ সালেও হাসিনার দলের সাংসদ ছিলেন। আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টার দায়িত্বে ছিলেন রমেশ। ছাত্রজনতার আন্দোলনের জেরে ২০২৪ সালের ৫ আগষ্টহাসিনা সরকারের পতন হয়। দায়িত্বে আসে অন্তর্বর্তী সরকার। ওই সময়েই ১৭ আগষ্ট রমেশের বাড়ি থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। সেই থেকে জেলবন্দি ছিলেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।
শনিবার সকালে বাংলাদেশের দিনাজপুরের জেলে বন্দি অবস্থায় আচমকা অসুস্থ হয়ে পড়েন রমেশ। পরে প্রাক্তন মন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই জেলের কারা আধিকারিক ফরহাদ সরকারের বক্তব্য, ২০২৪ সালের ১৭ আগষ্ট রমেশকে কারাগারে আনার আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। শনিবার সকাল ৯টা নাগাদ তাঁর শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিনাজপুরের ওই হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা জানান, হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বস্তুত, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অনেকেই বিভিন্ন জায়গায় আত্মগোপন করতে শুরু করেন। শুরু হয় ধরপাকড়ও। আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীকেও পাকড়াও করা হয় ৫ আগষ্ট পরবর্তী সময়ে। সেই পর্বেই ধরা পড়েন রমেশও। প্রায় দেড় বছর জেলবন্দি থাকার পরে মৃত্যু হয় হাসিনা সরকারের এই প্রাক্তন মন্ত্রীর। তবে কী অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি।


