স্পোর্টস ডেক্স রিপোর্ট: ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে ১২টি গ্রুপে বিভক্ত হয়ে ১০৪টি ম্যাচ খেলা হবে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে মাঠে গড়াচ্ছে ফুটবল বিশ্বকাপ। যার ৪২টি দেশ নির্ধারিত হয়েছিল আগেই। বাকি ছিল কেবল ৬টি টিকিট। বুধবার ০১ এপ্রিল পূর্ণ হয়ে গেছে সেই শূন্যস্থান। দীর্ঘ বাছাইপর্ব, হতাশা, অপেক্ষা আর উত্তেজনার শেষে পূর্ণতা পেয়েছে বহুল আলোচিত তালিকা। ইউরোপীয় অঞ্চলের প্লে-অফ ফাইনাল পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেয় সুইডেন, চেক প্রজাতন্ত্র, তুরস্ক, ডিআর কঙ্গো ও বসনিয়া-হার্জেগোভিনা। আর সবশেষে ইরাকের যোগে সম্পূর্ণ হয় ২০২৬ বিশ্বকাপের ৪৮ দেশের বহর।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া মহাযজ্ঞের। ৪৮ দলকে ভাগ করা হয়েছে ১২টি গ্রুপে, আর পুরো আসরে অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে শেষ হবে প্রায় দেড় মাসের এই মহারণ।
এবারেরে এ বিশ্বমঞ্চেও নেই ইতালি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি টানা তৃতীয় আসরেও বিশ্বকাপের দর্শক হয়ে থাকবে। ইউরোপীয় ফুটবলের ইতিহাসে এমন দৃশ্য একসময় অকল্পনীয় ছিল। অথচ এখন সেটিই বাস্তব—যেখানে বিশ্বকাপের আলো ছুঁতে না পেরে ইতালি আবারো থেকে গেল আক্ষেপের অন্ধকারে।

অন্যদিকে কিছু দেশের জন্য এবারের বিশ্বকাপ নিছক অংশগ্রহণ নয়, বহু বছরের নির্বাসন ভেঙে ফেরা। ৫২ বছর পর আবার বিশ্বকাপে দেখা যাবে হাইতিকে। একই ব্যবধানে ফিরছে ডিআর কঙ্গোও। ৪০ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফিরেছে ইরাক। আর ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে উঠছে তুরস্ক। সব মিলিয়ে ২০২৬ আসরটি হয়ে উঠছে এক অন্যরকম বিশ্বকাপ। যেখানে শুধু ট্রফির লড়াই নয়, সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রতিটি দেশের যাত্রাপথ, তাদের ফিরে আসার গল্প, আর বিশ্বমঞ্চে নিজেদের নতুন করে জানান দেয়ার আকাঙ্ক্ষা।
-
এক নজরে বিশ্বকাপের ৪৮ দল ও ১২ গ্রুপ:
- গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র।
- গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার, বসনিয়া ও হার্জেগোভিনা।
- গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি।
- গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক।
- গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও।
- গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া,সুইডেন।
- গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিসর, নিউ জিল্যান্ড।
- গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে।
- গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক
- গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান।
- গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, ডি.আর. কঙ্গো।
- গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা।


