স্বাস্থ্য ডেক্স রিপোর্ট: সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় এ নির্দেশনা দেওয়া হয়। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা অফিস আদেশে বলা হয়, স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি (অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি) এতদ্বারা স্থগিত/বাতিল করা হলো।
আদেশে বলা হয়েছে, আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করতেই ছুটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে স্বাস্থ্য অধিদপ্তরসহ তার আওতাধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে না। বর্তমানে দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকারি স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
-
সিদ্ধান্তের মূল বিষয়সমূহ:
- কার্যকারিতা: বৃহস্পতিবার ২ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে এই অফিস আদেশ জারি করা হয়।
- আওতাভুক্ত: স্বাস্থ্য অধিদপ্তর ও এর অধীনে থাকা দেশের সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীগণ এই আদেশের অন্তর্ভুক্ত।
- ছুটির ধরণ: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি স্থগিত থাকবে।
- উদ্দেশ্য: হাসপাতালে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং রবিবার ৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বিশেষ হামের টিকাদান কর্মসূচি জোরদার করা।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এই কর্মসূচি সফল করতে সারাদেশে প্রায় ২১.৯ লাখ টিকা পাঠানো হয়েছে।


