বাড়িঅপরাধউত্তরা স্কয়ার শপিং মলে হামলা, ভাঙচুর ও লুটপাট, পুলিশসহ আহত অন্তত ১৫

উত্তরা স্কয়ার শপিং মলে হামলা, ভাঙচুর ও লুটপাট, পুলিশসহ আহত অন্তত ১৫

মোস্তাফিজুর রহমান রুম্মন, ঢাকা রিপোর্টার: রাজধানীর উত্তরায় রিকশা চালককে মারধরের অভিযোগে ‘উত্তরা স্কয়ার’ শপিং কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ মামলা করেছে। এতে আসামি করা হয়েছে অজ্ঞাত পরিচয় ৭০০ জনকে।
স্থানীয় ও পুলিশ কর্মকর্তাদের সূত্রে জানা যায়, রাতে ভবনের নিরাপত্তা প্রহরীর সঙ্গে ‘উত্তরা স্কয়ার’ শপিং কমপ্লেক্সের সামনে রিকশা পার্কিং নিয়ে এক রিকশা চালকের বাক-বিতন্ডা হয়, পরে সেটি মারামারিতে রূপ নেয়। মারমারিতে ওই রিকশাচালক মারা গেছেন ও নিহত রিকশা চালককে ভবনের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে বলে গুজব ছড়িয়ে বিভিন্ন রিক্সা চালকসহ অন্যান্যদের উস্কানী দেওয়া হয়। বিষয়টি দ্রুত অন্যান্য রিকশাচালকদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজিত তারা সডক অবরোধের পাশাপাশি ভবনে ভাঙচুর চালায়। পরে ওই মার্কেটের সামনে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষুব্ধদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর বিক্ষুব্ধরা ইটপাটকেল ছুড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে রাত সাড়ে ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সোমবার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, উত্তরায় শপিং কমপ্লেক্স ঘেরাও করে ভাঙচুর, সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এতে অজ্ঞাত পরিচয় ৭০০ জনকে আসামি করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে আরেকটি মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, এদিন সকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এন এস নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, রিকশাচালককে মারধর করে শপিংমলের ভেতরে বেঁধে রাখার খবরটি সম্পূর্ণ গুজব। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। সংঘর্ষের সময় বিক্ষুব্ধদের হামলায় পুলিশের ছয় সদস্য আহত হন।
এর আগে রবিবার রাতে উত্তরা পশ্চিম থানা এলাকায় এক রিকশা চালককে পিটিয়ে হত্যা ও গুম করার অভিযোগ তুলে উত্তরা স্কয়ার বাণিজ্যিক ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় রিকশা চালকদের সঙ্গে পুলিশের দফায় দফা সংঘর্ষের ঘটনা ঘটে। রবিবার রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত উত্তরায় স্কয়ার গ্রুপের একটি বাণিজ্যিক ভবনের সামনে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ওয়াহিদুল ইসলাম বলেন, একজন নিখোঁজ থাকার কথা বলা হলেও এখনো তার নাম-ঠিকানা পাওয়া যায়নি। কেউ নিহত হয়েছেন কি না সেটিও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে। সেনাবাহিনী ও পুলিশ ভবনের ভেতরে তল্লাাশি চালালেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments