রাজনৈতিক প্রতিবেদক: গাজীপুর মহানগরীর যুবলীগ নেতা ও ৫৪ নং ওযার্ডের সাবেক কাউন্সিলর মোঃ বিল্লাল হোসেন মোল্লাকে আটক করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে ৩৬ জুলাই আন্দোলনে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিল্লাল হোসেন মোল্লার গ্রেপ্তারে পুরো টঙ্গীতে নিন্দা ও মুক্তির দাবিতে ফেসবুকে নানা পোস্ট দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিল্লাল হোসেন মোল্লা টঙ্গী পশ্চিম থানাধীন ছালামত মোল্লা রোডের মমিন মোল্লার ছেলে। তিনি টঙ্গী ৫৪ নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর ছিলেন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের সময় আত্মগোপনে ছিলেন যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা।
রবিবার রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালেশিয়ার কুয়ালালামপুরগামী মালয়েশিয়া এয়ারলাইন্স (এমএইচ-১৯৭) ফ্লাইটে মালয়েশিয়া যাওয়ার জন্য ইমিগ্রেশন চেকপোস্ট পার হচ্ছিলেন বিল্লাল হোসেন মোল্লা। সোমবার টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহীন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ৩৬ জুলাই একাধিক মামলার আসামি বিল্লাল হোসেন মোল্লা মালয়েশিয়া যাওয়ার জন্য বিমানবন্দরে যান। সেখানে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে খবর দেয়। অতঃপর জিএমপি পুলিশ বিমানবন্দর থেকে বিল্লাল হোসেন মোল্লাকে আটক করে জিএমপিতে নিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি) সাহেব আলী পাঠান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামি বিল্লাল হোসেন মোল্লা আমাদের হেফাজতে রয়েছে। ৫৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা (৪৫) বিমানবন্দর থেকে আটক হয়েছেন।
জিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে। তিনি একজন যুবলীগের প্রভাবশালী নেতা। চলতি সময়ে বিল্লাল হোসেন মোল্লার গ্রেপ্তারে টঙ্গীবাসী হতবাক। টঙ্গী আওয়ামী লীগের নেতার্মীরা বিল্লাল হোসেন মোল্লার গ্রেপ্তারে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জানিয়ে নানা পোস্ট দিচ্ছেন এবং তার মুক্তি দাবি করেছেন।


