ডেস্ক রিপোর্ট: এ বার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপে দেওয়ার অভিযোগ উঠল বাংলাদেশে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঢাকার সেগুনবাগিচায়। সেখানে শিল্পকলা অ্যকাডেমির সামনের দেওয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতি কালি দিয়ে মুছে ফেলার চেষ্টা করেন হাসিনা-বিরোধী বলে পরিচিত এক যুবনেতা। ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত এ এন এম আয়াসকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। অভিযুক্ত যুবক বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক সংগঠন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব। গত দু’বছরে বিভিন্ন সময়ে হাসিনা-বিরোধী মন্তব্যের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এমনকি তাঁর ভারত-বিরোধী বেশ কিছু মন্তব্যও অতীতে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। গত মাসে মাগুরায় বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ শাকিব আল হাসানের বাড়ির সামনে মূত্রত্যাগও করেছিলেন এই বিতর্কিত যুবনেতা।
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপন বা কালি দেওয়ার চেষ্টার অভিযোগে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াশ ও এক নারীসহ মোট চারজনকে আটক করেছে পুলিশ।
এ বার বাংলাদেশের সেই বিতর্কিত যুবনেতার নাম জড়াল নতুন এক বিতর্কে। চলতি মাসেই সেগুনবাগিচায় ফুটপাথ দখলমুক্ত করেন স্থানীয় পুর কর্তৃপক্ষ। পরে ওই ফুটপাথ লাগোয়া দেওয়ালে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, সত্যজিৎ রায়-সহ বিভিন্ন মনীষীর প্রতিকৃতি আঁকা হয়। শনিবার সেই দেওয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতিটি মুছে ফেলার চেষ্টা করেন অভিযুক্ত। কী কারণে তিনি ছবিটি মুছে ফেলার চেষ্টা করছিলেন, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়।
ঢাকার শাহবাগ থানার এক কর্মকর্তা আবদুল খালেক বলেন, “শিল্পকলার সামনে থেকে আয়াস নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন।”
-
ঘটনার স্থান: সেগুনবাগিচা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেওয়াল।
-
আটক ব্যক্তি: রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াশসহ এক নারী ও অন্য কয়েকজনসহ মোট চারজন।
-
পরবর্তী পদক্ষেপ: ঘটনার পর স্থানীয় জনগণ ও পথচারীরা গ্রাফিতিতে লাগানো কালি মুছে ফেলেন এবং পুলিশ তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।



