Sunday, October 11, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeঅর্থনীতিচার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

মোস্তাফিজুর রহমান রুমন, ঢাকা রিপোর্টার: চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৬ অক্টোবরের ওই সফরে জাপান ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারত্ব সুদৃঢ় করা এবং বিনিয়োগ বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার ১০ অক্টোবর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ ও সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাপান সফরে বাংলাদেশের প্রধান অগ্রাধিকার থাকবে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করা, অর্থনৈতিক অংশীদারত্ব সুদৃঢ় করা এবং বিনিয়োগ বৃদ্ধি করা।
হুমায়ুন কবির বলেন, অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগের ধারাবাহিকতায় জাপান সফরেও বাংলাদেশ বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন অংশীদারত্বের বিভিন্ন খাতকে গুরুত্ব দেবে। সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্রগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক বিনিয়োগের অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ।
জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহৎ ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, কয়েকটি বৃহৎ উন্নয়ন প্রকল্পে জাপানের বিনিয়োগ দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক গড়ে তুলতে ভূমিকা রেখেছে।
হুমায়ুন কবির জানান, গত এপ্রিলে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্বালানি সংকট এবং জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা নিয়ে জাপানের উদ্যোগে আয়োজিত একটি অনলাইন সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি এ অঞ্চলের দেশগুলোর একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই অংশগ্রহণ বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি জাপান সরকারের আস্থা বাড়াতে সহায়তা করেছে।
তিনি আরও জানান, আসন্ন সফরে বিভিন্ন খাতে সহযোগিতা এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এদিকে প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের বিষয়ে হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের যুবরাজ তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। শিগগিরই সুবিধাজনক সময়ে তিনি সৌদি আরব সফর করবেন।
উল্লেখ্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অভিবাসন অধ্যয়ন কেন্দ্র যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব ড. মু. নজরুল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বক্তব্য দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments